সোনাগাজীতে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ফেনীর সোনাগাজীতে ট্রাকচাপায় অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গতকাল রোববার দুপুরে মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সোহান কায়সার (১৩) পৌর শহরের প্রধান সড়কে ট্রাকচাপায় গুরুত্বর আহত হয়। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সকালে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের জিরো পয়েন্টে এসে জড়ো হয়। এরপর তারা নিরাপদ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, প্রশাসনের চোখের সামনে পৌর শহরের রাস্তার দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে একটি মহল ব্যবসা করে আসছে। পৌর শহরের শত শত অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের কারণে সব সময় শহরে যানজট লেগে থাকে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে শহরে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। মানবন্ধনে ওই ট্রাকচালককে গ্রেপ্তার এবং নিরাপদ সড়ক, পৌর শহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানায় তারা।
এদিকে সোহানের মৃত্যুতে আজ দুপুরে তার স্কুলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।