সোনাতলায় চাল কালোবাজারির মামলায় কৃষকলীগ নেতা কারাগারে

বগুড়ার সোনাতলা উপজেলায় স্থানীয় কৃষকলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে আটক করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বিকেল পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামে কৃষক লীগ নেতা মিঠু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
সোনাতলা থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নে এক হাজার ৩৪ জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্যে দুজন ডিলারের নামে এপ্রিল মাসে এক হাজার ৩৪ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নতুন কুমার জৈনের ভাই ঈশ্বর চন্দ্র জৈন হরিখালি বাজারে এবং হুমায়ুন সবির নামে আরেক ডিলার মধুপুর বাজারে গত বৃহস্পতিবার দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দের এসব চাল সরকারি গুদাম থেকে উত্তোলন করেন। কিন্তু ওই দুই ডিলারের একজন ঈশ্বর চন্দ্র জৈন কাগজে কলমে বিতরণ দেখিয়ে কিছু চাল কালোবাজারে বিক্রি করে দেন। এর মধ্যে ৫০ বস্তা চাল কিনে বাড়িতে মজুত করেন কৃষক লীগ নেতা মিঠু মিয়া।
অভিযানে নেতৃত্ব দেওয়া সোনাতলা থানার উপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে মজুত করার সত্যতা স্বীকার করেছেন মিঠু মিয়া। অভিযানে চাল জব্দ করার সঙ্গে তাঁকেও আটক করা হয়।
মধুপুর ইউপি চেয়ারম্যান নতুন কুমার জৈন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হলেও মিঠুর কাছে কোনো চাল বিক্রি করেননি। মিঠু এসব চাল কোথায় পেলেন তা তদন্তের দায়িত্ব পুুলিশের।
সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন, সরকারি চাল কালোবাজারির দায়ে মিঠু মিয়াকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শরিফুল আলম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।