সোনাদিয়া থেকে উদ্ধার ১৪৯ রোহিঙ্গার ঠাঁই হলো ভাসানচরে
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া থেকে উদ্ধার করা ১৪৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচর আশ্রয়শিবিরে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৭৮ জন নারী, ২৩ জন শিশু ও ৪৮ জন পুরুষ। তাঁরা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওই ১৪৯ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভাসানচর রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ইনচার্জ (উপসচিব) মো. খালিদ হোসেন।
তিনি বলেন, গতকাল সোমবার বিকেলে সোনাদিয়া দ্বীপ থেকে তাঁদের উদ্ধার করে মহেশখালী থানার পুলিশ। দালালেরা তাঁদের মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এনে জড়ো করেছিলেন। মঙ্গলবার সকালে তাঁদের কক্সবাজার থেকে তিনটি বাসে করে চট্টগ্রাম হয়ে বিকেলের দিকে ভাসানচরের নিয়ে আসা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানান, কয়েকদিন ধরে তাঁদের মালয়েশিয়ায় ভালো চাকরি ও মেয়েদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে আসছিলেন দালালেরা। এরপর তাঁদের মালয়েশিয়ায় নিতে ট্রলারে ওঠানো হয়। গতকাল দুপুরে তাঁদের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে ট্রলার নিয়ে পালিয়ে যায় দালাল চক্র।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, সোনাদিয়ায় অভিযান চালিয়ে ১৪৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের সবাইকে ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্র জানায়, কক্সবাজারের আশ্রয়শিবিরের চাপ কমাতে অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।