সোনামসজিদ স্থলবন্দরের ওজন নিয়ন্ত্রণ যন্ত্র বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনামসজিদ স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকের ওজন নিয়ন্ত্রণের জন্য দুই বছর আগে একটি ‘এক্সেল লোড কন্ট্রোল মেশিন’ বসানো হয়েছিল। কয়েক মাস পরেই সেটি বিকল হয়ে যায়। এখন বন্দর দিয়ে যাওয়া ট্রাকগুলোতে নির্ধারিত পরিমাণের তিন থেকে চার গুণ বেশি পণ্য বহন করা হচ্ছে। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, ওজন নিয়ন্ত্রণ না করলে শুধু মেরামত করে সড়ক ঠিক রাখা সম্ভব হবে না।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা-সংক্রান্ত নীতিমালা-২০১২ অনুযায়ী ট্রাকের ওজনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ছয় চাকাবিশিষ্ট ট্রাকপ্রতি সর্বোচ্চ ১৫ দশমিক ৫ টন ওজনের মালামাল পরিবহন করা যাবে। ১০ চাকার ট্রাকে ২২ টন এবং ১৪ চাকার ট্রাকে সর্বোচ্চ ২৫ টন ওজনের মালামাল পরিবহন করা যাবে। ট্রাকগুলো নিয়ন্ত্রণের জন্য ২০১৪ সালের স্থলবন্দরের পাশে এক্সেল লোড কন্ট্রোল মেশিন বসিয়েছিল সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু কয়েক মাসের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে যায়।
সওজ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা প্রথম আলোকে বলেন, যন্ত্রটি নষ্ট হওয়ার পর ২০১৫ সালের প্রথম দিকে সরবরাহকারী প্রতিষ্ঠানকে ডাকা হয়েছিল। তারা প্রথমে জানিয়েছিল, ট্রাক দাঁড়ানোর স্থান নষ্ট হয়ে গেছে। পরে তারা আবার জানায় যন্ত্রাংশটি চীন থেকে আনতে হবে। বারবার তাগাদা দেওয়া হলেও সরবরাহকারী প্রতিষ্ঠান সেটি আর মেরামত বা প্রতিস্থাপন করেনি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করা পাথর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক হয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। ওজন নিয়ন্ত্রণ যন্ত্রটি অকেজো হয়ে যাওয়ার পর সোনামসজিদ স্থলবন্দর থেকে ছয় চাকার ট্রাকে তিন থেকে চার গুণ বেশি পাথর বোঝাই করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষও বিষয়টি নজরদারি করছে না।
সওজের একটি সূত্র জানিয়েছে, ঢাকাগামী ট্রাকগুলো যমুনা সেতুর ওজন স্টেশনে গিয়ে ওজনের অতিরিক্ত পাথর দুই ট্রাকে করে সেতু পার করে। তা না হলে ওজন স্টেশনে গিয়ে অতিরিক্ত বোঝাই ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলের কারণে রাজশাহীর গোদাগাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার রাস্তা প্রায় নষ্ট হয়ে গেছে। এ ছাড়া রাজশাহী থেকে গোদাগাড়ী পর্যন্ত ১৮ কিলোমিটার এবং ২০ দশমিক ৮৪ কিলোমিটার রাজশাহী বাইপাস সড়ক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এখনই মেরামত করা না হলে অচিরেই সড়কগুলো চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়বে।
গত বৃহস্পতিবার গোদাগাড়ী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে গিয়ে দেখা যায়, কোথাও কোথাও গর্ত হয়ে যাওয়ার কারণে কর্তৃপক্ষ ওপরের কার্পেটিং তুলে ইট বিছিয়ে দিয়েছে। গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলাকায় ইসরাফিল হোসেন নামের একজন ট্রাকচালক বলেন, রাস্তার কারণে গাড়ির যন্ত্রপাতি ঘন ঘন পাল্টাতে হয়। আর সবচেয়ে সমস্যা হচ্ছে এই ১৫-২০ কিলোমিটার রাস্তা পার হতে দ্বিগুণ সময় লাগে।
সওজের কর্মকর্তা সুনীতি চাকমা বলেন, ‘অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ না করতে পারলে সড়ক ঠিক রাখা কষ্টকর। এক্সেল লোড কন্ট্রোল মেশিনটি একটি “পোর্টেবল মেশিন”। এখানে একটি স্থায়ী যন্ত্র দরকার।’ তিনি বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি তিনি বর্তমান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগ থেকেই যন্ত্রটি নষ্ট।
রাজশাহী সওজের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, তিন বছর আগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কটি নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে মেরামত করা হয়েছে। কিন্তু অতিরিক্ত বোঝাই ট্রাক চলাচলের কারণে ঠিক রাখা যাচ্ছে না। রাস্তাগুলো নিচু হওয়ার কারণে পানি জমে তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। এই সড়কে গাড়িগুলো যে পরিমাণ ভার বহন করে, তার সঙ্গে সমন্বয় করে নতুন রাস্তা না তৈরি করলে এই সমস্যা মিটবে না।