সোনারগাঁয় লকডাউনের মধ্যে জমেছে হাট

লকডাউনের মধ্যেই সোনারগাঁ উপজেলার সবচেয়ে বড় পাইকারি হাট আনন্দবাজারে আজ হাট বসেছে। আজ বুধবার তোলা।ছবি: প্রথম আলো

স্থানীয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সবচেয়ে বড় পাইকারি হাট আনন্দবাজারে আজ হাট বসেছে। করোনার প্রকোপ বৃদ্ধি ও লকডাউনের মধ্যেই সকাল থেকে হাটে মানুষের উপচে পড়া ভিড় ছিল।

করোনার প্রকোপ ঠেকাতে গতকাল মঙ্গলবার উপজেলার চারটি প্রধান সড়কের অংশজুড়ে বাশঁ দিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। চারটি প্রধান সড়ক গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত বন্ধ থাকার কারণে উপজেলার সনমান্দি ইউনিয়নের ২০ গ্রামের ও সোনারগাঁ পৌরসভার ১৬ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সড়কগুলো বন্ধ করে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে আজ বুধবার সকালে প্রশাসন রাস্তা থেকে বাঁশ সরিয়ে নেয়। ফলে আজ সকাল ১০টা থেকেই হাটে ভিড় শুরু হয়।

লকডাউনের মধ্যেই সোনারগাঁ উপজেলার সবচেয়ে বড় পাইকারি হাট আনন্দবাজারে আজ হাট বসেছে। আজ বুধবার তোলা।
ছবি: প্রথম আলো

এ বিষয়ে হাটের ইজারাদার আবদুল বাসেত বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমরা হাট জমিয়েছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আজ হাট বসানো হয়েছে। আগামী সপ্তাহে যাতে হাট বসাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।