সোনারগাঁয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে প্রতিপক্ষ কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার কাহেনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামের নুর মোহাম্মদের পরিবারের সঙ্গে প্রতিবেশী হালিম মোল্লার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে হালিম মোল্লার নেতৃত্বে শাকিল মোল্লা, রিফাত মোল্লা, আবুল মোল্লা, হামিদ মোল্লা, রাতুল মোল্লাসহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে নুর মোহাম্মদের বাড়িতে হামলা চালান।

এ সময় তাঁরা রামদা ও চাপাতি দিয়ে নুর মোহাম্মদের ভাই আমির হোসেন মোল্লা, মুকবুল হোসেন মোল্লা, ভাতিজা সোহেল মোল্লা ও ভাইয়ের স্ত্রী মাসুদা বেগমকে কুপিয়ে জখম করেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সোহেল ও মকবুল মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে সোহেল মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় নুর মোহাম্মদ মঙ্গলবারই সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, ‘প্রতিবেশী হালিম মোল্লার সঙ্গে আমাদের বিরোধ চলছিল। গতকাল হালিম মোল্লাদের ছাগল আমাদের বাড়ির কাঁঠালগাছ খেয়ে ফেলে। বিষয়টি হালিম মোল্লাদের বলার পর ক্ষিপ্ত হয়ে তারা আমাদের পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে।’

প্রতিপক্ষের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হালিম মোল্লা বলেন, ‘আমাদের ছাগল তাদের গাছ নষ্ট করায় তারাই প্রথমে আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ওই অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।