সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের নাম আফাজ উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাইদ পিয়াল বলেন, উপজেলার এশিয়ান হাইওয়েতে দায়িত্ব পালন করছিলেন আফাজসহ কয়েকজন। তাঁরা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তাঁর দুই পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যায়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি নিয়ে এর চালক পালিয়ে গেছেন। সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য আফাজের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।