সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আট দিন পর পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকার ডোবা থেকে আজ শুক্রবার ভোরে ফয়সাল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে র্যাব-১১–এর একটি দল।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঋষিপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব শীলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল মিয়া সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার অপূর্ব শীল পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।
র্যাব-১১–এর সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে তাঁর মামা মানিক এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র্যাব সদস্যরা ছায়া তদন্ত করে প্রযুক্তির সহায়তায় মুঠোফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানান। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।