সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর হাইওয়ে পুলিশ এ উচ্ছেদ অভিযান চালায়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
ওসি সাজ্জাদ করিম খান আরও বলেন, আজ অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।