সোনারগাঁয়ে ফায়ার সার্ভিসের জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য সরকারের অধিগ্রহণ করা জায়গা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগামী রোববারের মধ্যে ওই প্রতিষ্ঠানকে অধিগ্রহণকৃত জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে গণপূর্ত বিভাগ।
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকার রপ্তানিমুখী শিল্প গ্রুপ চৈতি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম আজাদ বরাবর গতকাল বৃহস্পতিবার লিখিত পত্রে উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় ছোট শিলমান্দি মৌজার জেএল নম্বর ১৪০, আরএস দাগ নম্বর ৯৯, ১০০, ১০১-এ দশমিক ৩৩ একর জমি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য অধিগ্রহণ করে সরকার। কিন্তু চৈতি কম্পোজিট লিমিটেড অধিগ্রহণ করা এ সম্পত্তির চারদিকে টিনের বেড়া দিয়ে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। এ কারণে দরপত্র আহ্বান করার পরও ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।
চিঠিতে বলা হয়, সরকার ইতিমধ্যে সোনারগাঁ উপজেলার তিনটি শিল্প এলাকাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) ঘোষণা করেছে। এ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কোনো বিকল্প নেই। এ অবস্থায় ১৯ জুনের মধ্যে অধিগ্রহণকৃত জায়গা থেকে সব ধরনের স্থাপনা অপসারণে সহযোগিতা করার কথা বলা হয় চিঠিতে।
জানতে চাইলে চৈতি কম্পোজিটের এমডি আবুল কালাম আজাদ বলেন, ‘জমিটি প্রথমে আমি ক্রয় করেছিলাম। জমির মালিক প্রতারণা করে সরকারের কাছ থেকে দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেছেন। আমি বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি।’
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রোববারের মধ্যে চৈতি কম্পোজিট অবৈধ স্থাপনা অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।