সোমেশ্বরীতে ড্রেজারে বালু তুলতে গিয়ে তরুণ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে মো. হাকিম মিয়া (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে নদীর চণ্ডীগড় ধানশিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া হাকিম মিয়ার বাড়ি ধানশিরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হাকিম মিয়া আজ সকালে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলন করতে ড্রেজার মেশিন বসাতে যান। এ সময় পানিতে তিনি তলিয়ে যান। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।