‘স্কুটি কন্যা’ চন্দ্রিকা

কলেজছাত্রী চন্দ্রিকা মণ্ডল নিজের খরচ মেটাতে শুরু করেন মেয়েদের স্কুটি চালানো শেখানো। ৯ মাসে তিনি ২০ জনকে স্কুটি চালানো শিখিয়েছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন ছাত্রীকে স্কুটি চালানো শেখাচ্ছেন চন্দ্রিকা মণ্ডল। গতকাল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে।
প্রথম আলো

চন্দ্রিকা মণ্ডল (২২) স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্রী। পড়াশোনা করছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে। টিউশনি করে পড়াশোনার খরচ চালাতেন। করোনাকালে সেই টিউশনি বন্ধ হয়ে যায়। নিজের খরচ মেটাতে শুরু করেন মেয়েদের স্কুটি চালানো শেখানো। গত ৯ মাসে চন্দ্রিকা ২০ জনকে স্কুটি চালানো শিখিয়েছেন। স্থানীয় লোকজনের কাছে তিনি ‘স্কুটি কন্যা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

গতকাল রোববার বিকেলে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের মাঠে গিয়ে দেখা হয় চন্দ্রিকা মণ্ডলের সঙ্গে। তিনি চারজনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তাঁকে সহযোগিতা করছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী আঁখি আক্তার (১৮)। চন্দ্রিকার কাছে আগে স্কুটি চালানো শিখেছেন আঁখি। প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে কথা হয় চন্দ্রিকা মণ্ডলের সঙ্গে। তিনি জানান, তাঁর স্কুটি চালানো ও শেখানোর গল্প।

২০২০ সালের শুরুর দিকে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা পরিষদের পিরোজপুর শাখা থেকে ১২ জন গরিব ও মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হয়। মেয়েদের চলাচলে সুবিধার জন্য স্কুটিগুলো দেওয়া হয়েছিল। চন্দ্রিকা মণ্ডলও একটি স্কুটি পান।

চন্দ্রিকা মণ্ডল বলেন, ‘আমি টিউশনি করে পড়াশোনার খরচ চালাতাম। করোনার কারণে টিউশনি বন্ধ হয়ে যায়। বিধবা মায়ের পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে। তখন সিদ্ধান্ত নিলাম, মেয়েদের স্কুটি চালানো শেখাব। পরিচিত কয়েকজনের সঙ্গে বিষয়টি আলোচনা করার পর পেয়ে গেলাম দুজনকে। তাঁদের স্কুটি শিখিয়ে আয় করলাম ছয় হাজার টাকা।’

এরপর ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালান চন্দ্রিকা মণ্ডল। তাঁর ফেসবুকে পোস্টটি দেখে কয়েকজন নারী স্কুটি শেখার ব্যাপারে আগ্রহ দেখান। চন্দ্রিকা মণ্ডল বলেন, ‘গত ৯ মাসে ২০ জনকে স্কুটি চালানো শিখিয়েছি। বর্তমানে চারজন প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, একজন গৃহিণী ও দুজন ছাত্রী রয়েছেন। আমার স্বপ্ন মেয়েদের স্কুটি চালানো শিখিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা।’

চন্দ্রিকা মণ্ডলের কাছে স্কুটি চালানো শিখছেন পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা বেগম (৪২)। তিনি বলেন, ‘আমার বাসা থেকে বিদ্যালয় প্রায় ১৫ কিলোমিটার দূরে। বাস কিংবা ইজিবাইকে যেতে হয়। সময় বাঁচানোর জন্য স্কুটি কিনেছি। স্কুটিতে চলাচল করলে বিদ্যালয়ে যাওয়া–আসা ও সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দেওয়া সহজ হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শ্রাবন্তী মিস্ত্রিও (১৯) স্কুটি চালানো শিখছেন। তাঁর বাড়ি পিরোজপুর শহরের মাছিমপুর মহল্লায়। শ্রাবন্তী বলেন, ‘ছোটবেলা থেকে আমার খুব শখ স্কুটি চালানো। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে আছি। এখন স্কুটি চালানো শিখছি। ইচ্ছা আছে সামনে স্কুটি কেনার।’

জাতীয় মহিলা সংস্থা পিরোজপুর কমিটির চেয়ারম্যান রাশেদা বেগম বলেন, ‘যাতায়াত ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য ১২ জন গরিব ও মেধাবী ছাত্রীকে ১২টি স্কুটি দিয়েছিলাম। তাঁদের মধ্যে ছয়জন স্কুটি ফেরত দিয়েছেন। বাকি ছয়জনের মধ্যে তিনজন স্কুটি চালানো শিখেছেন। চন্দ্রিকা মণ্ডল স্কুটি চালানো প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছেন। এতে তিনি লাভবান হচ্ছেন।’