স্কুল পোশাক না পরায় পিটুনি, শিক্ষার্থী হাসপাতালে
পাবনার চাটমোহরে নির্ধারিত স্কুল পোশাক পরে না আসায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। মারধরে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর গতকাল মঙ্গলবার তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
বেতের আঘাতে আহত রজনী খাতুন (১২) উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে পেটানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বদলি করা হয়েছে।
রজনীর বাবা সুরুজ আলীর ভাষ্য, স্কুলপোশাক ময়লা হয়ে যাওয়ায় গত শনিবার সকালে তাঁর মেয়ে ভিন্ন পোশাক পরে স্কুলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে সহকারী শিক্ষক শাহীন হোসেন তাকে প্রচণ্ড মারধর করেন। রজনী আহত অবস্থায় বাড়ি ফেরে। সন্ধ্যায় তার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আতঙ্কে কথাও বন্ধ করে দেয় সে। পরদিন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রজনীকে গত রোববার সন্ধ্যায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাজিবুর রহমান গতকাল মঙ্গলবার সকালে বলেন, রজনীর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। সে জ্বর ও ব্যথায় কাতরাচ্ছিল। কথা বলছিল না। তবে শারীরিক ও মানসিক অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসায় তাকে বাড়ি পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
রজনীকে গতকাল বিকেলে বাড়িতে নেওয়া হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বলেন, নির্ধারিত পোশাক না পরায় মেয়েটিকে সতর্ক ও ‘মৃদু প্রহার’ করা হয়েছে। বেদম মারধর করা হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রজনীর বাবা একটি অভিযোগ দাখিল করেছেন। এর পরিপ্রেক্ষিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে শাস্তি হিসেবে উপজেলার চর নবীন স্কুলে বদলি করা হয়েছে বলে জানান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব দেবনাথ। এ কর্মকর্তা বলেন, ‘তাঁকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে আবার এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ব্লাস্টের নিন্দা: স্কুলপোশাক না পরায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গতকাল এক বিজ্ঞপ্তিতে একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের যথাযথ বিচার দাবি করেছে সংগঠনটি।