স্কুলছাত্র মহব্বত হত্যার বিচার দাবিতে মানববন্ধন
অষ্টম শ্রেণির ছাত্র মহব্বত শিকদার (১৫) হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল শনিবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচির একপর্যায়ে বক্তারা মহব্বতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন এবং এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য দেন মহব্বতের বাবা বাদশা শিকদার, বড় ভাই আরিফ শিকদার, স্থানীয় জাকির ব্যাপারী ও ছলেমান সরদার। এর আগে সহপাঠীরা মহব্বত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
নিহত মহব্বত শিকদার জেলার রাঙ্গাবালীর উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের উত্তর কাজিকান্দা গ্রামের বাদশা শিকদারের ছেলে। মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মহব্বতের সঙ্গে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ১৪ জুলাই রাতে দুজনে ঘর থেকে পালায়। ওই রাতেই দুজনকে স্থানীয় কয়েকজন যুবক ধরে ফেলেন।
বাদশা শিকদারের অভিযোগ, দুজনকে ধরার পর ১৫ জুলাই ওই ছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আর মহব্বতকে ফিরিয়ে দিলেও রাতে আবার খবর পাঠিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন ভোরে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাকে।
রাঙ্গাবালী থানার ওসি শামছুল আরেফীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।