গাজীপুরের কালিয়াকৈরে এক ছাত্রকে দুই হাত পেছনে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গোলামনবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী উপজেলার চাপাইর এলাকার আরহাম আলীর ছেলে মো. আলামিন।
শিক্ষার্থীর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সিনিয়র-জুনিয়র ইস্যু নিয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলামিনের সঙ্গে তার কয়েকজন সহপাঠীর বিরোধ চলছিল। এর জেরে গতকাল সোমবার বিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গেলে বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলামিনের আবার কথা–কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে দুপুরে আলামিনকে নিজের কক্ষে ডেকে পাঠান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। সেখানে নিয়ে পেছন থেকে আলামিনের দুই হাত বেঁধে ফেলেন তিনি। পরে স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে জখম করেন।
খবর পেয়ে পরিবারের লোকজন ওই প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে আলামিনকে উদ্ধার করেন। এ ঘটনায় আহত ছাত্রের বাবা আরহাম আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলার আবেদন করেছেন। তিনি বলেন, ‘সহপাঠীরা আমার ছেলেকে মারধর করলে প্রধান শিক্ষকের কাছে বিচার দেই। কিন্তু তিনি উল্টো আমার ছেলেকে বেঁধে মারধর করলেন।’
আহত আলামিনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে বাড়িতে। এ ঘটনায় মামলার আবেদন পেয়েছেন জানিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অবশ্য ছাত্রকে বেঁধে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আলকাছ উদ্দিন। তিনি বলেন, ‘আমার কক্ষে নিয়ে কে তাকে মেরেছে, সেটি আমার জানা নেই। তবে ছাত্ররা মারামারি করেছে, সেটি সমাধানের চেষ্টা করছিলাম।’