বগুড়ায় যুবলীগ নেতা মিরাজ হত্যায় ৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার মিরাজ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তারেক রহমান (বাঁয়ে) ও মো. মিঠুন। আজ বুধবার পুলিশ সুপার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বগুড়ায় বিনোদন পার্কে ডেকে নিয়ে দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয় যুবলীগ নেতা মোহাম্মদ মিরাজ আলীকে (২২)। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং রক্তমাখা চাকু ও পোশাক উদ্ধার করা হয়েছে বলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন সোনাতলা উপজেলার নওদাবগা বুড়িতলা এলাকার দশম শ্রেণির এক ছাত্র (১৬), একই এলাকার বাসিন্দা ও সোনাতলার বয়রা কারিগরি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র তারেক রহমান (১৮) এবং শহরের রহমাননগর এলাকার বাসিন্দা ও জজকোর্ট এলাকার ফটোকপির দোকানের কর্মচারী মোহাম্মদ মিঠুন (২৮)। তাঁদের মধ্যে মিঠুন স্কুলপড়ুয়া ওই কিশোরের বন্ধুর বড় ভাই। হত্যাকাণ্ডের শিকার মিরাজ বগুড়া শহর যুবলীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।

ব্রিফিংয়ে সুদীপ কুমার চক্রবর্ত্তী হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা তুলে ধরে বলেন, হত্যাকাণ্ডের শিকার মিরাজের সঙ্গে বগুড়া শহরের একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিছুদিন আগে মেয়েটি সোনাতলা উপজেলার দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গেও ফেসবুকে সম্পর্কে জড়ায়। মেয়েটির ফেসবুকের পাসওয়ার্ড ছিল মিরাজের কাছে। মিরাজ একসময় ওই স্কুলছাত্রীর সঙ্গে সোনাতলার ওই কিশোরের সম্পর্কের বিষয়টি জেনে যান। এ নিয়ে সোনাতলার ওই স্কুলছাত্রের সঙ্গে যুবলীগ নেতা মিরাজের চরম দ্বন্দ্ব ও সংঘাত তৈরি হয়।

পুলিশ সুপারের ভাষ্যমতে, মিরাজ ও সোনাতলার ওই স্কুলছাত্রের মধ্যে ফেসবুক মেসেঞ্জার ও মুঠোফোনে একাধিকবার পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার বিকেলে বিষয়টি মিটমাটের জন্য শহরের এডওয়ার্ড পৌর পার্কের শরীরচর্চাকেন্দ্র–সংলগ্ন এলাকায় মিরাজকে ডাকা হয়। সেখানে মিরাজ ও স্কুলপড়ুয়া কিশোরীর উপস্থিত থাকার কথা ছিল। মিরাজের সঙ্গে দেখা করার আগে সোনাতলার ওই স্কুলছাত্র নিজ গ্রামের কলেজপড়ুয়া তারেক ও বন্ধুর বড় ভাই মিঠুনকে সঙ্গে নেয়।

পুলিশ সুপারের দাবি, ঘটনাস্থলে মিরাজ এলে বাগ্‌বিতণ্ডা ও কথা–কাটাকাটির একপর্যায়ে সোনাতলা থেকে আসা ওই স্কুলছাত্র এবং তার সঙ্গে আসা তারেক ও মিঠুন উত্তেজিত হয়ে মিরাজ ও তাঁর বন্ধু নাজমুল হোসেনকে ছুরিকাঘাত করে। তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মিরাজকে মৃত ঘোষণা করেন। মিরাজ ও নাজমুল দুজনই শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি।

সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, মিরাজ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই আতাউর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। সেখানে আসামিদের নাম উল্লেখ করা হয়নি। বিনোদন পার্কের ভেতরে দিনদুপুরে হত্যাকাণ্ডের ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে একসঙ্গে মাঠে নামানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই কিশোরীকে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সোনাতলা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, পোশাকসহ কথিত প্রেমিক ওই স্কুলছাত্র এবং হত্যাকাণ্ডে জড়িত কলেজছাত্র তারেক ও বন্ধুর বড় ভাই মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এখন আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। তবে আসামিরা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে না।