স্কুলছাত্রী সুরাইয়া হত্যায় দুজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী সুরাইয়া খাতুনকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন। অবশ্য মামলা হওয়ার পর থেকে মোতালেব পলাতক।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহমান প্রথম আলোকে জানান, কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে দিনমজুরের কাজ করতেন মোতালেব হোসেন। স্কুলছাত্রী সুরাইয়ার সঙ্গে পাশের বাড়ির শরিফুল ইসলামের ঝগড়া হয়।
এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারে মোতালেব হোসেনকে হত্যার দায়িত্ব দেওয়া হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে সুরাইয়াকে কোপান। সুরাইয়ার চিৎকার শুনে বড় বোন শম্পা খাতুন ঘুম থেকে উঠে বাতি জ্বালান। এ সময় মোতালেবকে বেরিয়ে যেতে দেখেন তিনি। ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয়।
সুরাইয়ার বাবা মেনহাজ উদ্দিন বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ দুপুরে মামলার প্রধান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।