স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ইমরান হোসেন (২২)। তাঁর বাড়ি উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করেন ইমরান হোসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ইমরান সটকে পড়েন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ওই ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে দর্শনা থানায় অপহরণ চেষ্টার মামলা করেন। মামলায় ইমরান হোসেন, তাঁর বাবা ও দুই চাচাকে আসামি করা হয়েছে।