স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তিন তরুণকে অর্থদণ্ড
বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তিন তরুণকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার আন্দারকোটা গ্রামের তমাল হোসেন (১৮), একই গ্রামের সুমন হোসেন (১৮) ও আবু সাঈদ (১৮)। তাঁদের ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আদমদীঘি উপজেলার এক স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় মোটরসাইকেলে করে যাওয়া তিন তরুণ ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন এসে ওই তরুণদের আটক করেন। পরে তাঁরা ওই তিন তরুণকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক বলেন, রাতে সান্তাহার পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাজা দেওয়া হয়েছে। ওই তিন তরুণ তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।