স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতে মৃত্যু ঘটানোয় একজনের যাবজ্জীবন
বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ ও গর্ভপাতের সময় অধিক রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেনীর নারী ও শিশু আদালতের বিচারক মো. ওসমান হায়দার আজ সোমবার দুপুরে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি মিজানুর রহমান আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার পর থেকেই মিজানুর পলাতক। এদিকে একই অপরাধে মিজানুরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অন্য তিন আসামি ইউনুছ মোল্লা, হাবিব ও দিলনাহার বিনাকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিজানুর প্রেমের অভিনয় করে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৫ সালের ২৭ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ সময় মিজানুর ওই ছাত্রীকে বিয়ে না করে গর্ভপাত ঘটানোর জন্য ২০০৫ সালের ১৭ জুলাই ফেনী শহরের নিয়ে যান। ১৯ জুলাই দিলনাহার বিনা নামের এক নার্সের বাসায় অবৈধভাবে গর্ভপাত ঘটানো হয়। গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ২৩ জুলাই ওই নার্সের বাসায় ওই ছাত্রী মারা যায়।
ঘটনার পরদিন ২৪ জুলাই ওই ছাত্রীর মা বাদী হয়ে মিজানুর রহমান ও নার্স দিলনাহার বিনাসহ চারজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী ও ফেনীর জ্যেষ্ঠ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী জানান, আসামি মিজানুর রহমান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হলে ওই দিন থেকে তাঁর সাজা কার্যকর হবে।