স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। প্রথমে ঘটনাটি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। আপস না হওয়ায় গতকাল রোববার রাতে থানায় মামলা করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি কৃষিকাজ করেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শফিকুল ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত শনিবার ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ওই ছাত্রীর চিৎকারে তার দাদা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় শফিকুল পালিয়ে যান। প্রথম দিকে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি সামাজিকভাবে সালিস বসিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। আপস না হওয়ায় গতকাল রোববার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।