স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন
ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে পিয়াস মিয়া নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিয়াস মিয়া (২১) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে জেএসসি পরীক্ষার্থী ওই কিশোরী (১৫) জেলার ভাঙ্গা উপজেলার একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। পথে ফুকুরহাটি মিয়া বাড়ির সামনে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা পিয়াস ওই কিশোরীকে রাস্তার পাশের একটি খেতে নিয়ে যান। সেখানে নিয়ে পিয়াস তাকে ধর্ষণ করেন। ওই সময় কিশোরী চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে পিয়াস পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ওই কিশোরীর মা বাদী হয়ে পিয়াসকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর ওই মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক আবদুল্লাহ আজাদ আসামি পিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার পাল বলেন, আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে পিয়াসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আসামিকে পরিশোধ করতে হবে, এ ক্ষেত্রে অনাদায়ের কোনো সুযোগ নেই।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ওই কিশোরীর মা বলেন, ‘আমি এ রায়ে সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি।’