স্কুলছাত্রীর ‘আত্মহত্যার’ ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রীর লিখে যাওয়া চিঠি অনুযায়ী অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার শিক্ষক ও সহপাঠীরা। আজ শনিবার দুপুরে উপজেলার মালঞ্চ এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরের মেলান্দহ উপজেলায় খারাপ কিছু হওয়ার কথা জানিয়ে স্কুলছাত্রীর লিখে যাওয়া চিঠি অনুযায়ী অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। আজ শনিবার বেলা দেড়টার দিকে জামালপুর-মেলান্দহ মহাসড়কের মালঞ্চ এলাকায় ওই ছাত্রীর বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।

বক্তারা বলেন, ওই ছাত্রী লেখাপড়ায় খুব মেধাবী ছিল। অকালে তাকে ঝরিয়ে দিল ওই বখাটে। অত্যন্ত নম্রভদ্র মেয়েটিকে অকালে হারিয়ে সহপাঠী ও শিক্ষকেরা শোকে স্তব্ধ। পুরো বিদ্যালয়ে যেন শোকের ছায়া নেমে এসেছে। ওই বখাটের কাজই ছিল সহজ-সরল মেয়েদের উত্ত্যক্ত করা। তাঁর নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। এসব কর্মকাণ্ডের কারণে প্রথম স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে গেছেন। তিনি বিভিন্ন জায়গায় পুলিশ বা সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেয়েদের ফাঁদে ফেলতেন। এলাকায় ত্রাসের রাজত্বও করেছেন। কেউ ভয়ে তাঁর অপরাধের প্রতিবাদ করার সাহসও পেতেন না। তাঁকে র‍্যাব গ্রেপ্তার করেছে। দ্রুত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে সর্ব্বোচ শাস্তি ফাঁসিতে ঝোলাতে হবে। তাঁর ফাঁসি না হওয়া পর্যন্ত বিদ্যালয় ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন।

অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে র‍্যাবের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. তামিম আহম্মেদ ওরফে স্বপন (২৫)। তিনি মেলান্দহ উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাতে ১০ম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তখন ওই ছাত্রীর মুঠোফোন ও চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে ওই ছাত্রী তামিম আহম্মেদ ওরফে স্বপনের নাম উল্লেখ করেছে। সে চিঠিতে লিখেছে, তামিম তার সঙ্গে খারাপ কিছু করেছেন এবং তার মৃত্যুর জন্য তামিমের বিচার করার কথা বলেছে সে।