স্কুলছাত্রের সন্ধান চায় পরিবার, থানায় জিডি

নিখোঁজের পর ফেসবুকের একটি আইডি ও ইমোতে পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ স্কুলছাত্র অভিজিৎ মাঝি
সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় অভিজিৎ মাঝি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে এবং মেসেজিং অ্যাপ ইমোতে পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিজিৎ মাঝি উপজেলার পুটিয়াকান্দি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী অপু মাঝির ছেলে। সে মহিষখোলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, অভিজিৎ গত বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেলে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও খুঁজে না পেয়ে নড়িয়া থানায় জিডি করেন তার বাবা অপু মাঝি।

অপু মাঝি প্রথম আলোকে বলেন, ‘ছয় দিন ধরে ছেলেটা নিখোঁজ। আমরা খুব দুশ্চিন্তায় আছি। তার পড়ার টেবিল থেকে সৌদি আরবের লেখক আয়েজ আল কারনির লেখা হতাশ হবেন না নামের একটি বই পাওয়া যায়। আমরা বুঝতে পারছি না ছেলেটি কোথায় আছে, কেমন আছে। কার খপ্পরে পড়েছে, কিছুই জানি না। একটি ফেসবুক আইডি ও ইমো থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ওই আইডি থেকে বলা হচ্ছে, অভিজিৎকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আর ফেরত দেওয়া হবে না। ছেলের সন্ধান পেতে বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছি। কিন্তু কারও কাছে সহযোগিতা পাচ্ছি না। কেউ আমার ছেলের সন্ধান দিতে পারছে না।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ‘অভিজিৎ মাঝির সন্ধান করতে পুলিশ কাজ করছে। আমরা একটি বই পেয়েছি, ফেসবুক আইডির সন্ধান পেয়েছি, কিছু মেসেজ পেয়েছি। ওই সব আলামত যাচাই–বাছাই করা হচ্ছে।’

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছু আলামত হাতে পেয়েছি। ওই ছাত্রের সঙ্গে এলাকায় কাদের যোগাযোগ ছিল, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।’