স্কুলমাঠে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ
বগুড়ার শেরপুর উপজেলায় এনামুল হক (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ পড়ে ছিল স্থানীয় একটি স্কুলের মাঠে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি মাঠপাড়ার ভ্যানগাড়িচালক মোতালেব মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হককে গতকাল বুধবার রাতের কোনো এক সময় তাঁর গলা ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মাঠে তাঁর লাশের পাশে পড়ে ছিল একটি ব্লেড। এনামুল হক একই এলাকায় তাঁর খালা জাহানারা খাতুনের বাড়িতে থাকতেন।
জাহানারা খাতুন বলেন, এনামুল হক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বাড়িতে থাকার জন্য প্রথমে তাঁকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল। সেই ঘর তিনি বিক্রি করে ফেলেছেন। পরে আবারও একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করে দেওয়া হয়েছে। এনামুল সারা রাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকালবেলায় বাড়িতে এসে কুঁড়েঘরে ঘুমাতেন। আজ সকালে তিনি বাড়িতে ফেরেননি। সকাল সাড়ে আটটায় এলাকাবাসী স্কুলের মাঠে এনামুলের লাশ দেখে তাঁকে খবর দেন।
স্থানীয় দুজন জানান, এনামুল আগে রডমিস্ত্রির কাজ করতেন। এ সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এলাকার এক নারীকে হত্যার ঘটনায় তিনি বেশ কিছুদিন জেলও খেটেছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন, ২০১৩ সালে একই এলাকার সালমা খাতুন নামের এক নারীকে হত্যার ঘটনায় এনামুল হক আসামি ছিলেন। এ মামলায় কয়েক বছর তিনি কারাগারে ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এনামুল হককে কারা হত্যা করতে পারে, এ নিয়ে পুলিশি তদন্ত চলছে। নিহত যুবকের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।