স্কুলে যাওয়া হলো না মনিরের
স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিল তৃতীয় শ্রেণি ছাত্র মো. মনির (৮)। মাঝপথে একটি টং দোকানে থেমে বিস্কুট কিনে খাচ্ছিল সে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটায় গাজীপুরের শ্রীপুরের গোতার বাজার এলাকায় শৈলাট-জৈনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির (৮) নয়াপাড়া গ্রামের মো. আশাদুলের ছেলে। সে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির দোকানের সামনে টুলে বসে বিস্কুট খাচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মনিরের ওপর উঠিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় করে। এদিকে উত্তেজিত স্থানীয় লোকজন অটোরিকশা ও এর চালককে আটক করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।