স্কুলের মাঠে বিয়ের আয়োজন, বাড়ি ফিরে গেল শিক্ষার্থীরা
সকালে শিক্ষার্থীরা যথারীতি বিদ্যালয়ে হাজির হয়। কিন্তু এসে দেখে মাঠে বাঁশ পুঁতে শামিয়ানা টাঙানো হয়েছে। এর নিচে টেবিল ফেলে বসার জন্য সারি সারি চেয়ার সাজানো হচ্ছে। পাশেই ডান দিকে বর-কনে বসার মঞ্চ। পেছনে চলছে রান্নার আয়োজন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের কক্ষে ছুটে যায়। শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলেন শিক্ষকেরা। কয়েকজন শিক্ষার্থী এর কারণ জানতে চাইলে তাদের ধমক দেন শিক্ষকেরা। পরে শিক্ষার্থীরা জানতে পারে, বিদ্যালয় অঘোষিত ছুটি দিয়ে মাঠে বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে।
বরিশাল নগরের উত্তর আমনতগঞ্জ মোফাজ্জেল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের পাশেই একই নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের পাঠদান বন্ধ থাকলেও এ সময় প্রাথমিক শাখায় ক্লাস হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠে গতকাল বুধবার রাত থেকে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়। বিদ্যালয়ের মূল ফটক ফুল দিয়ে সাজানো হয়।
আজ দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, ভোজের আয়োজন সম্পন্ন করতে আয়োজকেরা ব্যস্ত সময় পার করছেন। বেলা একটার কিছু পরে এই খাওয়াদাওয়া শুরু হয়।
এলাকাবাসী জানান, ওই এলাকার ইয়ার হোসেন সিকদারের মেয়ের সঙ্গে পশ্চিম চর হোগলা গ্রামের আবুল হোসেনের ছেলের বিবাহোত্তর প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। ইয়ার হোসেন বরিশাল নগরের পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতির কোষাধ্যক্ষ। তিনি বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি আমাকে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে। তা ছাড়া আমার মেয়ে এই বিদ্যালয়ের ছাত্রী ছিল। আমরা এখানে কোনো গানবাজনার আয়োজন করিনি। শুধু খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল।’
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, করোনার কারণে এমনিতেই দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। এখন বিয়ের জন্য পাঠদান বন্ধ রাখায় আমাদের দিনটা মাটি হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান খান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিদ্যালয় মাঠে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ে পুরোপুরি বন্ধ করা হয়নি। সকালে তিনটা ক্লাস হয়েছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। এরপর খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।
তবে বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক অর্চনা রানী বলেন, ‘মাঠে অনুষ্ঠান হওয়ায় আমাদের পাঠদানে অসুবিধা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি অনুমতি দিলে তো সেখানে আমাদের কিছু করণীয় থাকে না।’
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ হাওলাদার বলেন, ‘বিয়ের অনুমতি চেয়ে আমাদের কাছে আবেদন করা হয়েছিল। অনুমতি দেওয়া হয়নি। বিদ্যালয় খোলা অবস্থায় মাঠে বিয়ের আয়োজন করা সম্পূর্ণ বিধান পরিপন্থী। যেহেতু মাঠটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের, তাই আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না।’
যোগাযোগ করা হলে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’