স্কুলের সামনে পড়ে ছিল সুমাইয়ার লাশ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সুমাইয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘুঘুরাতলী এলাকায় দিনাজপুর পার্বতীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার উপজেলার নান্দেড়াই গ্রামের মনজের ইসলামের মেয়ে এবং ড্যাফোডিল রেসিডেনসিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি পাইলট মডেল স্কুলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে সুমাইয়া সহপাঠীদের সঙ্গে নিজ স্কুল আসে। সেখানে কিছুক্ষণ থাকার পর বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বেরিয়ে যায়। এ সময় সুমাইয়া ও তার দুই বন্ধু স্কুলের প্রধান ফটকের পাশে ফুটপাতে দাঁড়ায়। তাদের রাস্তা পার করে দেওয়ার জন্য ওই স্কুলের নিরাপত্তাপ্রহরীও সেখানে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় দিনাজপুরগামী একটি বালুবাহী ট্রাক্টর একটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় অন্যরা দৌঁড়ে পালালেও সুমাইয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহত সুমাইয়ার পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে ট্রাক্টরের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।