
গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার শাফায়াত সরওয়ারের নামে চট্টগ্রাম বিমানবন্দর সড়কে কিছু অংশের নামকরণ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাংলাদেশ বিমানবাহিনীর বি এফ জহুর ঘাঁটির ওয়ান স্কোয়াড্রনের স্কোয়াড্রন লিডার তরুণ বৈমানিক মো. শাফায়াত সরওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ আশ্বাস দেন।
৩ জুন শুক্রবার প্যারেড ময়দান এলাকায় মরহুমের পৈতৃক নিবাসে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ প্রমুখ। মরহুমের পিতা ব্যাংকার সরওয়ার মো. শহীদউল্লার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তারা জাতীয় সম্পদের সুরক্ষা ও সহকর্মীদের জীবন রক্ষার্থে শাফায়াাতের আত্মদানকে একটি মহান ও বীরোচিত ঘটনা বলে উল্লেখ করেন।
উল্লেখ্য ২০১৫ সালের ১৩ মে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুর ঘাঁটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ পরিচালনার সময় যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। মারাত্মকভাবে আহত অবস্থায় উদ্ধারের পর এই বৈমানিক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে স্থানীয় সময় রাত ১০টায় মারা যান। বিজ্ঞপ্তি।