স্ত্রী তালাক দেওয়ায় ছুরিকাঘাতে খুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবকের ছুরিকাঘাতে আহত তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই গৃহবধূর নাম আরজিনা আক্তার (৩৫)। তিনি কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় করা মামলার আসামি তাঁর স্বামী রতন আলীকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রতন আলী নওগাঁ সদর উপজেলার মুকরামপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে রতন ভালোবেসে আরজিনাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর আরজিনা জানতে পারেন, তাঁর স্বামীর সঙ্গে পোশাক কারখানার এক মেয়ের অনৈতিক সম্পর্ক আছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে গত বুধবার সকালে আরজিনা আক্তার উপজেলার মৌচাক বাজারে কাজী অফিসে গিয়ে রতন আলীকে তালাক দেন। পরে স্বামীকে মুঠোফোনে তালাক দেওয়ার বিষয়টি জানান আরজিনা। এতে রতন ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ মৌচাক বাজারের পাশে সুফিয়া হাসপাতালের সামনে এসে আরজিনার পথরোধ করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে রতন আরজিনার পেটে পরপর তিনবার ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন রতনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আর আহত আরজিনাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আরজিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আরজিনার বাবা আকবর আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা করেন। আরজিনার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সেই মামলায় রতনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার রতন আলী বৃহস্পতিবার গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ সময় তিনি আদালতকে বলেন, তালাক দেওয়ায় তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই তিনি ছুরিকাঘাত করেন।