স্ত্রী হত্যা মামলায় কাউন্সিলর মোর্শেদের বিচার দাবি
টাঙ্গাইলের পৌর কাউন্সিলর আতিকুর রহমানের দ্বিতীয় স্ত্রী সৈয়দা আমেনা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রধান আসামি আতিকুরের বিচারের দাবি উঠেছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সৈয়দা আমেনার বাবা সৈয়দ শরিফ উদ্দিন সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
সৈয়দ শরিফ উদ্দিন নীলফামারী শহরের হাড়োয়া আদর্শপাড়ার বাসিন্দা। তিনি একসময় টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় কাউন্সিলর আতিকুরের বাড়ির পাশে ভাড়া থাকতেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাতে আতিকুর তাঁর এক সহযোগীর বাসায় দাওয়াতের কথা বলে আমেনাকে নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করেন। এ ঘটনার প্রায় সাড়ে চার বছর পর গতকাল মঙ্গলবার নিহত আমেনার বাবা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ শরিফ উদ্দিন বলেন, এত দিন আতিকুরের ভয়ে তিনি আইনগত পদক্ষেপ নিতে সাহস পাননি। সম্প্রতি আতিকুর অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর তিনি আতিকুরসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার দাবি করেন তিনি।
সৈয়দ শরিফ উদ্দিন বলেন, টাঙ্গাইলে থাকার সময় ২০১২ সালের জুন মাসে তাঁর মেয়ে সৈয়দা আমেনাকে আতিকুর অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেন। এরপর আমেনা আতিকুরের সঙ্গে সংসার করছিলেন। তাঁদের ছয় বছরের এক সন্তানও আছে। কিন্তু আতিকুরের দুই স্ত্রী থাকায় সংসারে মাঝেমধ্যেই ঝগড়া হতো। আতিকুর ও তাঁর প্রথম স্ত্রী আমেনাকে সংসারে একমুহূর্তের জন্য শান্তি দেননি। আমেনাকে প্রচুর মারধর করা হতো। এরপর ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাতে আতিকুর তাঁর সহযোগীর বাসায় নিয়ে হত্যা করেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুরকে গত বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ ও সদর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে পৌরসভার সামনে থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিশ্বাস বেতকা এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য মোর্শেদকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে অস্ত্র মামলায় রিমান্ড শেষে কাউন্সিলর আতিকুরকে গত সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইল থানা সূত্রে জানা গেছে, আতিকুর রহমানের বিরুদ্ধে দুই যুবলীগ নেতা হত্যা, ছাত্রদল নেতা রেজা হত্যা, ব্যবসায়ী তুহিন হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ডজন মামলা হয়েছে।