স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী হত্যা মামলায় গত ১৭ মে থেকে কারাগারে আছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার
ফাইল ছবি

স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশরাফ রহমান জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বাবুল আক্তারের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন।

বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর মক্কেলের জামিন চেয়ে আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। এ আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বাবুল আক্তারের জামিনের আবেদন করা হয়। আবেদন নামঞ্জুর হওয়ায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন তাঁরা।

২০১৬ সালের ৫ জুন বড় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

মাহমুদা হত্যাকাণ্ডের পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ডিবির পর গত বছরের মে মাস থেকে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। চলতি বছরের ১২ মে এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এতে বলা হয়, তিন লাখ টাকা দিয়ে স্ত্রীকে খুন করান বাবুল।

একই দিন (১২ মে) বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়।

পরে বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে বাবুলকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়। কিন্তু তিনি জবানবন্দি দিতে রাজি হননি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গত ১৭ মে থেকে কারাগারে আছেন বাবুল।