স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নূর হোসেন কুট্টিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভায়লা গ্রামের আবদুল খালেকের মেয়ে মনির (২১) সঙ্গে একই গ্রামের নূর হোসেন কুট্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই কুট্টি যৌতুকের জন্য বিভিন্ন সময় মনিকে নির্যাতন করতেন। নূর হোসেন ও মনি শহরের নতুন বাজার এলাকার স্বনির্ভর রোডে বস্তিতে বসবাস করতেন।
মনির পরিবার যৌতুক প্রদানে অস্বীকৃতি জানালে ২০০০ সালের ১১ ফেব্রুয়ারি রাতে মনির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন নূর হোসেন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন মনির বাবা নূর হোসেনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ একই বছরের ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবু জাফর সালেহ বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত আসামি নূর হোসেন কুট্টিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি বর্তমানে পলাতক।