স্ত্রীকে দুই ভাড়াটে খুনির সহায়তায় হত্যার কথা স্বীকার করে স্বামীর জবানবন্দি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্ত্রীকে দুই ভাড়াটে খুনির সহায়তায় হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে যাওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এক স্বামী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তামিম শেখ তাঁর স্ত্রী রাশিদা বেগমকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১০ মাসের এক শিশুর কান্না শুনে পাশে থাকা মায়ের লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, রাশিদার বড় ভাই আল আমিন বৃহস্পতিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ওই রাতেই পুলিশ গোপালগঞ্জ সদর থেকে রাশিদার স্বামী তামিম শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামিম দুই সহযোগীর নাম প্রকাশ করেন। পরে গতকাল দুপুরে পুলিশ গোপালগঞ্জের কোটালীপাড়া ও সদরে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কোটালীপাড়ার তারাশি গ্রামের রুবেল দাড়িয়া ও সদরের বেতগ্রামের মাহেন্দ্রচালক জুলহাস শেখ। এ ঝাড়া হত্যায় ব্যবহৃত হাতুড়ি, দেশি ধারালো অস্ত্র, চারটি মুঠোফোন, রক্তমাখা জামাকাপড়, জুতা ও একটি মাহেন্দ্র উদ্ধার করা হয়। গতকাল রাতে তিনজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামিদের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, দাম্পত্য কলহের জেরে রাশিদা বেগমকে তাঁর স্বামী হত্যা করেন। গোপালগঞ্জের গান্দিয়াসুর-বাজুনিয়া সড়কের পাশে টুঠামান্দ্রা মাছের ঘেরে হত্যার পর আগৈলঝাড়ার রাস্তার পাশে লাশ ফেলে যান। ১০ মাসের ছেলেকে নিয়ে রাশিদা বেগম আগৈলঝাড়া সদরের বাকাল গ্রামে থাকতেন আর তামিম প্রথম স্ত্রীকে নিয়ে গোপালগঞ্জে থাকতেন।