স্ত্রীকে নিয়ে সন্দেহের জেরে আড়াই মাসের শিশুকে খুন
আড়াই মাস বয়সী ছেলে ইকবালের শরীরে সিরিঞ্জ দিয়ে বিষ ঢুকিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবা ইখলাছ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার আমলি আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকাইয়া বিনতে খালেক ইখলাছের জবানবন্দি গ্রহণ করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইকবাল হোসেনের শরীরে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত কিছু ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুর মা মিতালী খাতুন বাদী হয়ে স্বামী ইখলাছকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। পরে চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে ইখলাছকে গ্রেপ্তার করে পুলিশ।
ইখলাছের ভাষ্য, স্ত্রী মিতালী খাতুনের পরকীয়ার সম্পর্কের কারণে ওই সন্তানের জন্ম হয়েছে। তাই তিনি তাকে হত্যা করেছেন। এর ১৫ দিন আগে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তিনি সন্তানকে হত্যার চেষ্টা করেছিলেন। তবে প্রথম দফায় দ্রুত হাসপাতালে নেওয়ায় শিশুটি বেঁচে যায়।
ইখলাছের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামে। তবে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়া এলাকায় ভাড়া থাকেন এবং ফেরি করে প্লাস্টিকপণ্য বিক্রি করেন। মিতালী ও ইখলাছের এটি দ্বিতীয় বিয়ে। ইখলাছের প্রথম সংসারে কোনো সন্তান নেই। তাঁর প্রথম স্ত্রী আঁখি খাতুন সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে থাকেন।
আদালতে ইখলাছ বলেন, তিনি প্রথম স্ত্রীর সঙ্গে ১২ বছর সংসার করেছেন। কিন্তু তাঁদের সংসারে কোনো সন্তান হয়নি। ইখলাছ দাবি করেন, চিকিৎসক তাঁকে জানিয়েছেন, শারীরিক সমস্যার কারণে তিনি সন্তান জন্ম দিতে পারবেন না। এদিকে মিতালীর সঙ্গে মুঠোফোনে প্রেম হয় তাঁর। পরে মিতালীকেও বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর মিতালী আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলে তিনি দাবি করেন।
জবানবন্দিতে ইখলাছ বলেন, ‘আড়াই মাস আগে সন্তান জন্ম হওয়ার পর আমার সন্দেহ হয়েছিল। ওই সন্তান আমার নয় বলে তখনই জানিয়েছিলাম। সন্তানকে কারও কাছে দত্তক দিতে বলেছিলাম। কিন্তু মিতালী আমার কথা না শোনায় ওই সন্তানকে হত্যার পরিকল্পনা করি।’
ইখলাছ বলেন, বুধবার সকালে তিনি ইকবালের বাঁ পায়ে সিরিঞ্জ দিয়ে বিষ ঢুকিয়ে দেন। এ সময় মিতালী সংসারের কাজে ব্যস্ত ছিলেন। ইকবালের কান্নার শব্দ পেয়ে মিতালী ঘরে গিয়ে দেখেন ইকবাল তাঁর কোলো ছটফট করছে এবং বাঁ পা দিয়ে রক্ত বের হচ্ছে। পরে ইকবালের অবস্থার অবনতি হলে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইকবালের মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, জবানবন্দি গ্রহণ শেষে ইখলাছকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিহত শিশুর ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামে লাশ দাফন করা হয়েছে। আসামির বিচার নিশ্চিত করতে মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা কৃপা সিন্ধুকে নির্দেশনা দেওয়া হয়েছে।