স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

আটক
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার জুলধা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম ফরিদা বেগম (২৮)। তিনি আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের নুরুল ইসলামের (৩২) স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলামের সঙ্গে চার বছর আগে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামের ফরিদা বেগমের বিয়ে হয়। তাঁদের ঘরে দুই সন্তান আছে। তিন মাস ধরে তাঁরা কর্ণফুলী উপজেলার জুলধা এলাকায় এক কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ফরিদা পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। আর নুরুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশা চালান। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল ফরিদাকে বাসা থেকে নিয়ে যেতে শাশুড়িকে ফোন করে ডাকেন নুরুল ইসলাম। মাবিয়া খাতুন বাসায় এসে মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফরিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মাবিয়া খাতুন বলেন, ‘আমার মেয়েকে মেরে ফেলেছে তার স্বামী। মেয়ের দুই সন্তানকে নিয়ে আমি এখন কী করব বুঝতে পারছি না। আমি এর বিচার চাই।’

কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে খুনের রহস্য জানা যাবে।