স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পরকীয়ায় জড়িয়ে স্ত্রী নাজমা আক্তার ওরফে নাজুকে (২০) হত্যার দায়ে স্বামী মনির হোসেন ওরফে বাবুকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মনির হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের জানুয়ারি মাসে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দায়ারামদি গ্রামের মৃত আলী আহমেদের ছেলের সঙ্গে পার্শ্ববর্তী ফেনী সদর থানার ধর্মপুর ইউনিয়নের পশ্চিম পদুয়া গ্রামের আবদুল কুদ্দুছের মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে নাজমা স্বামীর বাড়িতেই থাকতেন।
আদালত সূত্রে জানা যায়, নাজমাকে বিয়ে করার আগে থেকে অন্য এক নারীর সঙ্গে মনির হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে পূর্বপরিকল্পিতভাবে ২০১৮ সালের ৩০ এপ্রিল দিবাগত রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন মনির। ওই রাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে চেয়ারম্যান তাঁকে পুলিশে সোপর্দ করেন।
সূত্র জানায়, পরিবারের লোকজন খবর পেয়ে স্বামীর বাড়িতে নাজমার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিহত নাজমার বড় ভাই আবদুর রহমান বাদী হয়ে কবিরহাট থানায় মনিরসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে একই বছরের ২ আগস্ট মনিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচারের সময় আদালত নয়জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ। রায়ে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি গুলজার আহমেদ, আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ সাহাব উল্যাহ।