স্ত্রীকে ‘হত্যা’র পর ছুরি নিয়ে বসে ছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বুড়িশ্চর গ্রামের স্বামীর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর স্বামীকে বাড়ির একটি কক্ষে ছুরি হাতে বসে থাকা অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌসের (৩০) বাবার বাড়িও একই গ্রামে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জান্নাতুল ফেরদৌসের স্বামী সাইদ শফি দীর্ঘদিন ধরে আরব আমিরাতপ্রবাসী ছিলেন। গত ফেব্রুয়ারিতে দেশে ফেরেন তিনি। তাঁদের দুটি সন্তান আছে। পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সাইদের। গত বৃহস্পতিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাইদ ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীর পেটে উপর্যুপরি আঘাত করেন। জান্নাতুলের চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, জান্নাতুলকে পেটে ছুরিকাঘাত করে হত্যার পর ছুরি হাতে একই কক্ষে বসে ছিলেন সাইদ।

বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ হোসাইন প্রথম আলোকে বলেন, স্ত্রীকে সন্দেহ করতেন সাইদ। এই সন্দেহ থেকে হত্যাকাণ্ড ঘটান তিনি। তাঁদের স্বামী-স্ত্রীর বিরোধ মেটাতে তিনি একাধিকবার সমঝোতার চেষ্টা করেছেন। তবে ফল হয়নি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহ থেকে স্বামী তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর লাশ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রক্রিয়া চলছে।