স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন
প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলায় গৃহবধূকে হত্যার পর ছয় বছরের মেয়েকে নিয়ে থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করেছেন। আজ শুক্রবার সকালে তিনি পিরোজপুর সদর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাঁকে আটক করে।

নিহত ওই গৃহবধূর নাম তাহমিনা বেগম (৪৫)। তিনি উপজেলার জুজখোলা গ্রামের ছয়ঘর এলাকার আবদুস সাত্তার শেখের (৪৮) স্ত্রী। আবদুস সাত্তার শেখ ওই গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে। তিনি পেশায় চা–দোকানি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুস সাত্তার ও তাহমিনা বেগম দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছোট মেয়ে সাদিয়া আক্তারকে নিয়ে স্বামী-স্ত্রী বাড়িতে বসবাস করতেন। আবদুস সাত্তার শেখ তাঁর স্ত্রীর মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে চার থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কলহ লেগেই থাকত। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে আবদুস সাত্তার শেখের ঝগড়া হয়। পরে তাঁদের দ্বিতীয় ছেলে অসীম শেখ বাবা-মায়ের বিরোধ মীমাংসা করে দেন।

এরপর গভীর রাতে উঠে আবদুস সাত্তার শেখ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকে হত্যার পর লাশ ঘরে রেখে মেয়ে সাদিয়া আক্তারকে নিয়ে সকালে আবদুস সাত্তার শেখ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

অসীম শেখ বলেন, ‘মা বিভিন্ন এনজিও থেকে চার থেকে পাঁচ লাখ টাকা ঋণ তুলে বাবাকে দেন। বাবা ঋণের কিস্তি ঠিকমতো চালাতে পারছিলেন না। এ নিয়ে তাঁরা ঝগড়া করতেন। গতকাল রাতে মা আমাকে বলছিলেন যে তাঁকে বাবা হত্যা করবেন। আমি রাত ১২টা পর্যন্ত মা–বাবার কাছেই ছিলাম। এরপর আমার ঘরে চলে যাই। ভোরে ঘুম থেকে উঠে জানতে পারি, বাবা মাকে খুন করে থানায় চলে গেছেন।’

সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান বলেন, ‘আবদুস সাত্তার শেখ তাঁর পরিচিত ও সমবয়সী। ঋণগ্রস্ত হয়ে সে হতাশ হয়ে পড়ে। হতাশা থেকে সে স্ত্রীকে হত্যা করতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, স্ত্রীকে হত্যার পর আবদুস সাত্তার শেখ থানায় আসেন। সকাল সাতটার দিকে তাঁকে আটক করা হয়। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।