স্ত্রীকে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় রাজিয়া সুলতানা (২৮) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যার পর তাঁর স্বামী আরিফ মুন্সি (৪০) সদরের পালং মডেল থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আরিফ মুন্সিকে পুলিশ আটক করে রাজিয়া সুলতানার লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পালং মডেল থানা সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকার আবুল কালামের মেয়ে রাজিয়া সুলতানার ১৫ বছর আগে বিয়ে হয় খালাতো ভাই আরিফের সঙ্গে। আরিফের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার বালিয়াহাটি গ্রামে। ছোটবেলা থেকেই তিনি শরীয়তপুরে থাকেন। পৌরবাস টার্মিনালে তিনি একটি গাড়ির চাকা মেরামতের দোকান চালান। তাঁদের ১৩ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে তাঁদের ভাড়া বাসার একটি কক্ষে দুই সন্তান ও আরেক কক্ষে তাঁরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। আজ ভোররাত সাড়ে চারটার দিকে আরিফ একটি ইট দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করেন। এর ৩০ মিনিট পর তিনি পালং মডেল থানায় গিয়ে হাজির হন। পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীকে হত্যা করেছি, আপনারা তাঁর লাশ উদ্ধার করেন।’ তখন পুলিশ তাঁকে আটক করে ঘটনাস্থলে যান। সেখানে একটি কক্ষে খাটের ওপর ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পান।

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন, স্ত্রী পরকিয়ায় আসক্ত থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন। আর মেয়েটির (রাজিয়া) পরিবার অভিযোগ করেন, আরিফ মাদকাসক্ত, টাকার জন্য প্রায়ই রাজিয়াকে মারধর করতেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যা করা হয়েছে। মেয়েটির বাবা একটি হত্যা মামলা করেছেন। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ বের করা হবে।

আরিফের মামা ইয়াদ আলী বলেন, ‘আরিফ ছোট থাকতে তার মা–বাবা মারা যান। আমিই তাকে শরীয়তপুরে পাঠাই। তাদের দাম্পত্যজীবন ভালোই কাটছিল। এক সপ্তাহ আগে তারা তাদের এক ভাগনির বিয়েতে সদরপুরের গ্রামে গিয়েছিল। হঠাৎ এমনকি ঘটে গেল, আল্লাহই জানেন। তাদের ছোট দুটি ছেলেমেয়ে রয়েছে, তাদের এখন কে দেখবে?’

রাজিয়ার বাবা আবুল কালাম বলেন, ‘রাজিয়া স্বামী–সন্তান নিয়ে আমার বাড়ির পাশেই ভাড়া থাকত। টাকা নেওয়ার জন্য সম্প্রতি আরিফ রাজিয়াকে চাপ দিতে থাকেন। কিছুদিন আগে তাকে কামড়ে আহত করেছিল। তখন বিষয়টি আমরা মিটমাট করে দিই। কিন্তু সে আমার মেয়েকে মেরে ফেলবে, বুঝতে পারিনি।’