স্ত্রীর চেহলাম অনুষ্ঠানের দিনে মারা গেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

কথা ছিল, জুমার নামাজের পর চেহলাম হবে। প্রয়াত স্ত্রীর জন্য মোনাজাত হবে। কিন্তু চেহলাম অনুষ্ঠানের আগেই মারা গেলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে।

গত ১৭ জুন ইসরাইল মিয়ার (৬০) স্ত্রী মায়া বেগম (৫০) মারা যান। এরপর আজ শুক্রবার নিজ বাড়িতে স্ত্রীর চেহলামের আয়োজন করেছিলেন ইসরাইল। কিন্তু বেলা সাড়ে ১১টায় হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ। আজ বিকেল সাড়ে পাঁচটায় শিংরাউলী গ্রামের কবরস্থানসংলগ্ন মাঠে জানাজা শেষে ইসরাইলের লাশ দাফন করা হয়েছে।

ইসরাইলের প্রতিবেশী সিএনজিচালক ফয়েজ মিয়া বলেন, ইসরাইল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। নিজে খেয়ে না খেয়ে ছেলেকে মৌলভীবাজার সরকারি কলেজে (সম্মানে) পড়াচ্ছিলেন। আর মেয়ে দশম শ্রেণিতে পড়ছে। এখন কোনো সহায়তা না পেলে ইসরাইলের দুই ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে।

করোনার প্রকোপ শুরুর পর থেকে ইসরাইল আগের মতো কাজ পাচ্ছিলেন না বলে জানান ফয়েজ মিয়া। তিনি বলেন, সরকারি সহায়তার আশায় প্রায় আট মাস আগে কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়েছিলেন ইসরাইল। কিন্তু কোনো সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী সুমন পাল বলেন, ইসরাইল মিয়ার সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।