স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে পালালেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত গৃহবধূ মাকসুদা সুলতানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মাকসুদা সুলতানা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর লাশ হাসপাতালের জরুরি বিভাগে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মাকসুদা সরাইল উপজেলার শাহবাজুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। মাকসুদা স্বামী ও ছেলে আরিয়ান ইসলামকে (৩) নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় শ্বশুরবাড়িতে বাস করতেন। জেলা শহরের মেড্ডা এলাকা সোহেল এন্টারপ্রাইজ নামে সোহেলের গাড়ির যন্ত্রপাতি বিক্রির একটি দোকান রয়েছে।

মাকসুদার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সরাইল উপজেলার শাহবাজুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে সোহেল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের ওমর ফারুকের মেয়ে মাকসুদার বিয়ে হয়। এটি সোহেলের দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম স্ত্রী সামিয়া আক্তারের সঙ্গে সোহেলের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। আগের সংসারে সোহেলের আদনান ইসলাম নামের আরেকটি ছেলে আছে। আদনানের বয়স সাত বছর। আদনান বাবার সঙ্গেই থাকে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সোহেলের সঙ্গে বিয়ে হওয়ার দুই বছর পর মাকসুদা একটি ছেলেসন্তানের জন্ম দেন। বিয়ের ছয় মাস পর থেকে টাকার জন্য মাকসুদাকে চাপ দেন সোহেল। সংসারের নানা বিষয়, বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়া, আগের বিয়ে, স্ত্রী ইত্যাদি নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। সোহেল, তাঁর বাবা আইয়ুব আলী, মা ও বোন সীমা আক্তার প্রায় মাকসুদাকে খাবার দিতেন না, বাড়ি থেকে বের করে দিতেন এবং মারধর করতেন। আজ সকাল নয়টার দিকেও স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মাকসুদাকে মারধর ও নির্যাতন করেন। এ সময় তাঁরা পিটিয়ে মাকসুদাকে হত্যা করে লাশ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে চলে যান।

মাকসুদার বড় বোন তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, আগের বিয়ের কথা জেনেই পারিবারিকভাবে তাঁর বোনকে সোহেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য বোনকে সোহেল, তাঁর বাবা-মা ও বোন অত্যাচার করা শুরু করেন। এক সপ্তাহ আগেও মাকসুদাকে তাঁরা মারধর করেছেন। শ্বশুর-শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

মাকসুদার বড় বোন আরও বলেন, ‘আজ সকাল সাড়ে নয়টা বোন আমাকে ফোন করে জানায় তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ তাঁকে মারধর ও নির্যাতন করেছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে মাকসুদার শাশুড়ি আমার স্বামী ইফতি নয়নকে ফোন করে জানিয়েছে যে মাকসুদা গলাফ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বোনের লাশ হাসপাতালে আছে। আমার স্বামী হাসপাতালে গিয়ে মর্গে মাকসুদার লাশ পেয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, বোনের স্বামী সোহেল, তাঁর বাবা, মা ও বোন নির্যাতন করে পিটিয়ে তাঁর বোনকে হত্যা করেছেন। বোনের তিন বছরের ছেলেকে নিয়ে তাঁরা পালিয়ে গেছেন। পাঁচটা বছর ধরেই বোনটা তাঁদের নির্যাতন সহ্য করেছেন।

মাকসুদা সুলতানাকে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য তাঁর স্বামী সোহেল মিয়ার মুঠোফোনে আজ বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাকসুদার লাশ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মাকসুদার বাবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’