স্ত্রীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কলহের জেরে গত সোমবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মুখসহ শরীর গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই নারীর নাম পাপড়ি আক্তার। তিনি ফতুল্লার রসুলপুর এলাকায় আমির হোসেনের বাসায় বাবার পরিবারসহ ভাড়া থাকেন। তাঁর স্বামীর নাম পায়েল মিয়া। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট এলাকার মিরাজপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পায়েলের সঙ্গে ১০ বছর আগে পাপড়ির বিয়ে হয়। তিন বছর পর তাঁদের এক ছেলে হয়। এরপর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল না।

পরিবার সূত্রে জানা যায়, পাপড়ি পিরোজপুরের উদয়কাঠি এলাকার নাজিম উদ্দিন হাওলাদারের মেয়ে। পায়েলের সঙ্গে ১০ বছর আগে তাঁর বিয়ে হয়। তিন বছর পর তাঁদের এক ছেলে হয়। এরপর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল না। পাপড়ি ফতুল্লার রসুলপুর এলাকায় বাবার পরিবারে চলে আসেন। এরপর তিনি পোশাক কারখানায় কাজ শুরু করেন। গত সাত বছর পায়েল তাঁদের খোঁজ নেননি।

পাপড়ি বলেন, গত শুক্রবার রসুলপুর এলাকায় তাঁদের ভাড়া বাসায় পায়েল আসেন। পায়েল তাঁদের বাড়ি নিয়ে যাবেন বলে প্রস্তুত হতে বলেন। পাপড়ি এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এরপরও পায়েল সেখানে থাকেন। সোমবার রাতের খাবারের সঙ্গে পাপড়িকে ঘুমের ওষুধ খাইয়ে দেন পায়েল। ভোরে ঘুমন্ত অবস্থায় পাপড়ির মুখসহ শরীরে গরম পানি ঢেলে পালিয়ে যান পায়েল। পরিবারের সদস্যরা চিৎকার শুনে ঘুম থেকে উঠে পাপড়িকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও পায়েল মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পায়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।