স্ত্রীর হত্যাকারীদের ফাঁসি চান সৌদিপ্রবাসী স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নারীকে (৩৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘাতকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন ওই নারীর সৌদিপ্রবাসী স্বামী। গত রোববার রাতে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি বাকরুদ্ধ, মানসিকভাবে ভেঙে পড়েছি। সন্তানদের পাশে দাঁড়াতে ছুটে এসেছি। তাঁদের কী বলে সান্ত্বনা দেব, বুঝে উঠতে পারছি না। আমার সাজানো সংসার কালবৈশাখীর মতো তছনছ হয়ে গেছে।’

২০০৫ সালে সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার সঙ্গে ওই নারী পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্যজীবনে তাঁরা দুই মেয়ে ও এক ছেলের জনক। ১৯৮৪ সালে সৌদি আরবে যান ছুরুক মিয়া। সেখানে চাকরি করে যা আয় করেন, তা জমিয়ে জগন্নাথপুর পৌর শহরে জমি কিনে বাড়ি বানান। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে তিনি দেশে ফিরে পুরো এক বছর স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকেন। ২০২১ সালে ফ্লাইট চালু হলে তিনি প্রথম ফ্লাইটে সৌদি আরবে ফিরে যান।

ছুরুক মিয়া জানান, সৌদি থেকে প্রতিদিন সকালে ও রাতে স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতেন তিনি। ঘটনার আগের রাতে গত ১৫ ফেব্রুয়ারি স্ত্রীর সঙ্গে তাঁর অনেক কথা হয়। তাঁর স্ত্রী ছেলেমেয়েদের প্রাইভেট শিক্ষকের বেতন ও পারিবারিক খরচের জন্য টাকা পাঠানোর আবদার করেন। তিনি ঘটনার দিন ১৬ ফেব্রুয়ারি দুপুরে বিকাশে ৩০ হাজার টাকা পাঠিয়ে জানান, রাতে কথা হবে, আর কথা হয়নি। রাতে খবর পান, স্ত্রী নিখোঁজ।

আরও পড়ুন

ছুরুক মিয়া বলেন, ‘সৌদি আরবের মাটিতে থেকে যেভাবে নির্মমভাবে স্ত্রীকে হত্যার বর্ণনা শুনেছি, তা সত্যিই বেদনাদায়ক। আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। ছুটি নিয়ে সন্তানদের কাছে চলে এসেছি। আমি চাই, সৌদি আরবের মতো কঠোর বিচার করা হোক। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার আস্থা রয়েছে। আশা করছি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা পরিচালনা করে দ্রুত অপরাধীদের ফাঁসি ও রায় কার্যকর করা হবে।’

গত ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর শহরের অভি মেডিকেল হল ফার্মেসির ভেতর থেকে ওই নারীর ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফার্মেসির মালিক জিতেশ গোপ, পাশের মুদিদোকানি অনজিৎ গোপ ও অরূপ ফার্মেসির মালিক অসিত গোপকে গ্রেপ্তার করে। সিআইডির জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের পর লাশ ছয় টুকরা করার বিষয়টি স্বীকার করেছেন। মঙ্গলবার আদালতে হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জিতেশ গোপ।