স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা আইনি সুরক্ষা চান
দেশে মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকেরা বিশেষ ভূমিকা রেখে চলেছেন। কিন্তু নানা ক্ষেত্রে তাঁরা হেনস্তা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য তাঁদের আইনি সুরক্ষা দরকার। অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৫তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম সরকারের কাছে এই সুরক্ষার দাবি করেছেন।
গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপস্থাপনের সময় রওশন আরা বেগম বলেন, গর্ভবতী মা যখন চিকিৎসকের কাছে আসেন তখন তিনি কিছু ঝুঁকি নিয়েই আসেন। সারা বছর এ রকম অসংখ্য মাকে সেবা দিচ্ছেন চিকিৎসকেরা। অথচ নানা অজুহাতে তাঁদের হেনস্তা করা হয়। এটা বন্ধে আইন দরকার। অধ্যাপক রওশন আরা বেগম বলেন, রাজধানীতে নানা রোগের নানা মানুষের জন্য পৃথক হাসপাতাল আছে। নারীদের জন্য একটি এক হাজার শয্যার হাসপাতাল দরকার। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে ওজিএসবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দেশে অস্ত্রোপচারে শিশু জন্মহার বেশি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার বেশি হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারহানা দেওয়ান বলেন, দেশে পেশাজীবী চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ওজিএসবি। এর সদস্যসংখ্যা ১ হাজার ৬০০-এর বেশি। দেশের বিভিন্ন জেলায় এর ১৬টি শাখা আছে। সম্মেলনে ২৭ জন বিদেশি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।