স্ত্রীসহ সোনাগাজীর ইউএনওর করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত।
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত ও তাঁর স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তাঁরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ইউএনও সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, এক দিনে উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইউএনও, তাঁর স্ত্রী ও তাঁদের বাসার এক নারী রয়েছেন।

এ বিষয়ে ইউএনও এ এম জহিরুল হায়াত বলেন, গত শনিবার থেকে হঠাৎ করে তিনিসহ পরিবারের তিনজনের জ্বর অনুভূত হয়। তাঁদের শরীর ও গলা ব্যথাও শুরু হয়। পরে বুধবার করোনা পরীক্ষার জন্য তিনি ও তাঁর স্ত্রীসহ তিনজন নমুনা দেন।

তিনজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এরপর থেকে তাঁরা উপজেলা সদরে সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে ওষুধ খাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৬৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৮২ জনের করোনা পজিটিভ এসেছে। এখন পর্যন্ত উপজেলায় এক নারীসহ ১৩ জন করোনায় মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪১৯ জন।