স্থগিত চার কেন্দ্রে ভোট, সাতকানিয়ার তিন ইউপিতে জিতল আওয়ামী লীগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্থগিত হওয়া তিনটি ইউনিয়নের চারটি কেন্দ্রে সোমবার পুনরায় ভোটগ্রহণ হয়েছে। ওই তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিতেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হয়। ভোটের দিন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষ–সহিংসতায় দুজন নিহত এবং প্রকাশ্যে অস্ত্রবাজি চলে। এ জন্য খাগরিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের খাগরিয়া বোর্ড অফিস, ৭ নম্বর ওয়ার্ডের গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াইশ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বুদাগাজীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছিল।
সোমবার অনুষ্ঠিত স্থগিত ওই চার কেন্দ্রের ভোটসহ মোট ভোটের ফলাফলের ভিত্তিতে খাগরিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেন, কাঞ্চনা ইউপিতে রমজান আলী ও কালিয়াইশ ইউপিতে হাফেজ আহমদ চেয়ারম্যান নির্বাচিত হন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল প্রথম আলোকে বলেন, স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বশেষ ফলাফলে সাতকানিয়ার ১৬ ইউপিতে আওয়ামী লীগের ১২ জন, বিদ্রোহী দুজন ও স্বতন্ত্র দুজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলেন।