স্থলবন্দর ঝুঁকিতে ফেলে ভোগাই নদী থেকে দেদার বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাকুগাঁও স্থলবন্দর এলাকা ঘেঁষে চলছে বালু উত্তোলন। গতকাল সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁওয়ের ভোগাই নদীতে
ছবি: প্রথম আলো

দুই ইউনিয়নের ২০-২৫ জন বাসিন্দাদের বালু তোলার মহোৎসবে ঝুঁকিতে পড়েছে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। ইজারাদারকে টাকা দিয়ে নির্ধারিত সীমানার বাইরেও বালু তোলার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে।

গত বছরের এপ্রিলে ৯০ লাখ টাকায় উপজেলার ভোগাই নদীর চারটি মৌজায় বালু উত্তোলনের জন্য ইজারা পায় ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইজারাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বরে স্থলবন্দর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বালু তোলার অনুমোদন দেয় জেলা প্রশাসন।

স্থানীয় লোকজনের অভিযোগ, ইজারাদারকে টাকা দিয়ে নাকুগাঁও ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের ২০ থেকে ২৫ জন বাসিন্দা উল্টো স্থলবন্দর ঘেঁষে নদী থেকে বালু তুলছেন। এতে ঝুঁকিতে পড়েছে প্রায় ১৬ কোটি ১৯ লাখ টাকায় নির্মিত নাকুগাঁও স্থলবন্দর।

গতকাল সোমবার সরেজমিন দেখা গেছে, নাকুগাঁও সীমান্তে দুই লেন সড়ক ঘেঁষে ভোগাই নদী ভারতের মেঘালয় থেকে বয়ে এসেছে। নদীর এক পাশে নাকুগাঁও স্থলবন্দরের অবকাঠামো, বিজিবি চেকপোস্ট ও নাকুগাঁও ইমিগ্রেশন কার্যালয় অবস্থিত। এর ৩০ থেকে ৬০ মিটার দূরে ৩০–৩৫টি শ্যালোমেশিনের মাধ্যমে নদী থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব। বালু তোলার কারণে নদী ভেঙে স্থলবন্দর এলাকার কিছু অংশ ধসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

নাকুগাঁও গ্রামের বালু ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, বালু তোলার জন্য তিনি ইজারাদারকে প্রতি ১২ চাকার ট্রাকের জন্য ২ হাজার আর ৬ চাকার ট্রাকের জন্য ১ হাজার ২০০ টাকা করে দেন।

নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বলেন, দুই লেন সড়ক, স্থলবন্দরের অবকাঠামো, ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্ট ঘেঁষে ভোগাই নদীতে বড় গর্ত করে প্রায় এক মাস ধরে বালু তোলা হচ্ছে। এতে সরকারি এই স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন।

জানতে চাইলে ভোগাই নদীতে বালু উত্তোলনের ইজারাদার জোবায়ের আহমেদ বলেন, নির্ধারিত সীমানার ভেতর থেকেই বালু তোলা হচ্ছে। এর বাইরে থেকে বালু তোলা হচ্ছে না।

নাকুগাঁও স্থলবন্দরের ৩০ থেকে ৬০ মিটার দূরে শ্যালোমেশিনের মাধ্যমে নদী থেকে চলছে বালু উত্তোলন
ছবি: প্রথম আলো

নাকুগাঁও বন্দর কর্তৃপক্ষ, সওজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ১৮ জুন নাকুগাঁওয়ে পূর্ণাঙ্গ স্থলবন্দরের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে স্থলবন্দর ঘিরে ১৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১৩ একর জমিতে গড়ে তোলা হয়েছে স্থলবন্দরের নানা স্থাপনা। এরপর ২০১৬ সালে সওজের উদ্যোগে সাড়ে ৩ কোটি টাকায় নাকুগাঁও শূন্যরেখা থেকে নকলা পর্যন্ত সাড়ে ২৯ কিলোমিটার দুই লেন সড়ক নির্মাণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন প্রথম আলোকে বলেন, আইন অমান্য করে বালু তোলা যাবে না। এ নিয়ে বালু ব্যবসায়ীসহ ইজারাদারকে একাধিকবার বলা হয়েছে। দ্রুতই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।