স্থানীয়দের আকুতি ‘প্লিজ, ভৈরবকে বাঁচান’
‘সিসি ক্যামেরা আছে। ক্যামেরা চলে। ক্যামেরার সামনেই চলে চুরি। ছিনতাই হয় পয়েন্টে পয়েন্টে। আর মাদক ঢুকে গেছে ঘরে ঘরে। রাস্তাঘাটে ছিনতাইকারীদের হাতে মানুষের করুণ মৃত্যু দিন দিন সহজ হয়ে যাচ্ছে। দিন দিন দুর্বল হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। অপরাধীদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা অসহায় হয়ে পড়ছে। এ অবস্থায় আমরা ভালো নেই। প্লিজ ভৈরবকে বাঁচান।’
অপরাধীদের দৌরাত্ম্য থেকে নিজ শহরকে রক্ষার জন্য কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের কাছে এ আকুতি ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি হুমায়ূন কবিরের। তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতিও।
সম্প্রতি ভৈরবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে চুরি-ছিনতাই ও মাদকের বিস্তার বেড়ে গেছে। চার মাসের ব্যবধানে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারান তিনজন পথচারী। বিষয়টি নিয়ে যেমন নাগরিক অস্থিরতা রয়েছে, উদ্বেগ বেড়েছে পুলিশ প্রশাসনেরও। পরিস্থিতি উত্তরণের জন্য বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সমাবেশ করেছেন পুলিশ সুপার। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জঙ্গিবিরোধী সমাবেশ নামে এ আয়োজন চলে রাত ৮টা পর্যন্ত। সভাপতিত্ব করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন। সমাবেশ হয় থানা ভবন মাঠে। পুলিশ সুপার ছিলেন সমাবেশের প্রধান অতিথি। প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজন। পুরো আয়োজনে আলোচকদের কাছ থেকে ভৈরবের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা দিক উঠে আসে।
মেয়র ইফতেখার হোসেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। নৌকার সমর্থন নিয়ে তিনি মেয়র হন। সমাবেশে তিনি বলেন, বলা হয়ে থাকে পুলিশ জনতার। সমস্যা হয়েছে জনতার সঙ্গে পুলিশের কোনো সমন্বয় নেই। এ সুযোগে মাদক পৌঁছে গেছে সব জায়গায়। মাদক ব্যবসায়ীরা দিনকে দিন শক্তিশালী হয়ে উঠছে। দুঃখজনক হলেও সত্য, ক্ষমতাসীন দলের অনেক নেতা এখন মাদকের সঙ্গে জড়িত। অনেকে আবার মাদক ব্যবসায়ীদের শক্তি কাজে লাগিয়ে সমাজে প্রভাব ধরে রেখেছেন। তিনি অপরাধের সঙ্গে যুক্ত দলীয় নেতাদের বহিষ্কার দাবি করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ বলেন, ভৈরবে একাধিক মাদক ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। সময় সময় চক্রের সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু সমস্যা হলো কয়েক দিনের বেশি কারাগারে আটকে রাখা যায় না। তাদের চুক্তিভিত্তিক আইনজীবী রয়েছে। হাতে টাকা না থাকলেও কিছু আইনজীবী বাকিতে জামিনের ব্যবস্থা করে থাকেন। ফলে দ্রুত ফিরে এসে আবার আগের কর্মে যুক্ত হয়ে পড়ছে। পুলিশের সোর্সদের প্রতি নজর রাখার অনুরোধ ছিল তাঁর। তাঁর মতে, সোর্সরা কোনো কোনো ক্ষেত্রে নিজেরা সমস্যা। নানাভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে সোর্সরাও।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দাবি করেন, থানায় ক্ষমতাসীনের কোনো তদবির ছিল না। এখনো নেই। আর থাকবেও না। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার ব্যাপারে দলীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ বলেন, শান্ত শহর এখন অশান্ত। আর এ অশান্ত হওয়ার কারণ মাদক ও ছিনতাই। এ দুইয়ের কারণে ভৈরব এখন সারা দেশে সমালোচিত। তাঁর মতে, ছিনতাইয়ের সঙ্গে মাদকের নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ মাদকসেবী থেকেই ছিনতাইকারী হয়। সুতরাং মাদক নির্মূল করা গেলে ৯৯ ভাগ অপরাধ এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে বলে তাঁর ধারণা। মাদক ও ছিনতাই প্রতিরোধে ক্ষমতাসীন দল প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয়দের বক্তব্যে ভৈরবের আইনশৃঙ্খলার অবনতির পেছনে প্রশাসনের দুর্বলতার দিকের ইঙ্গিত থাকলেও প্রশাসন থেকে এর দায় কিছুটা জনগণের ওপর চাপানো হয়। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ক্ষেত্রে তিনি স্থানীয়দের অসহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভৈরবে অপরাধ নির্মূলে মানুষজনের সহযোগিতা কম। তথ্য দিতে চায় না। মামলার বাদী ও সাক্ষী হতেও যত আপত্তি তাদের। অপরাধীদের বিরুদ্ধে জোটবদ্ধ না হওয়া গেলে প্রত্যাশিত ফল আসবে না বলে মনে করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, মাদক এখন ভৈরবের প্রায় প্রতিটি ঘরে ঢুকে গেছে। প্রতিদিন কোনো না কোনো অভিভাবক সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে তাঁর কাছে যাচ্ছেন। স্ত্রী করছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ। এ অবস্থায় প্রতিরোধ ও প্রতিবাদ একসঙ্গে চলমান না রাখা গেলে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করেন তিনি।
সমাবেশের সভাপতি ওসি মো. শাহিন তাঁর স্বাগত বক্তব্যে মাদককে মাদার অব ক্রাইম হিসেবে চিহ্নিত করেন। অপরাধ নির্মূলে সামাজিক উদ্যোগ নিয়ে তিনি হতাশা ব্যক্ত করেন। তাঁর প্রশ্ন, এত মানুষের ভিড়ে গুটি কয়েক অপরাধী বাস করে কীভাবে?
আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান পুলিশ সুপার। তিনি বলেন, তাঁর পক্ষে যতটুকু করা সম্ভব, তিনি তা সঙ্গে সঙ্গে করছেন। পুলিশের বিরুদ্ধে কারও অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পিছু হটছেন না। তবে এসব অপরাধ পুরোপুরি নির্মূল সম্ভব নয়। বিশেষ করে চুরি, ছিনতাই ও মাদক নির্মূল করতে মানুষকে মন থেকে চাইতে হবে। ভৈরব যেহেতু জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা এবং অনেক মানুষের আসা–যাওয়া রয়েছে, সে কারণে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা গেলে ফল পাওয়া যাবে। সেভাবেই ভাবতে হবে এবং ভাবা হচ্ছে। ভৈরবের পরিস্থিতি উন্নতির বিষয়ে তিনি স্থানীয়দের সহযোগিতা চান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের একান্ত সচিব লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপু। সমাবেশ সঞ্চালনা করেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক।
এদিকে সমাবেশে একশ্রেণির মানুষ বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে বলে সমাবেশে উপস্থিত অনেকে অভিযোগ করেন। সমাবেশে ইউপি চেয়ারম্যান ও পৌর ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। তাঁরা বলার সুযোগ পেলে ভৈরবের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতো বলে দাবি করেন তাঁরা। কথা বলতে পারেননি সাংবাদিকেরাও। বলার সুযোগের বাইরে ছিলেন সাধারণ মানুষও। ক্ষমতাসীন দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেওয়ার সুযোগবঞ্চিত ছিলেন।