স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদপত্রই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে। সমাজে প্রথম আলোর মতো সংবাদপত্রের প্রভাব ও গ্রহণযোগ্যতা আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। কারণ, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, যেন একটি সামাজিক সংগঠন। নাগরিক ও মানবাধিকার রক্ষায় পত্রিকাটি শুরু থেকে সোচ্চার রয়েছে এবং থাকবে।
গত রোববার রাতে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয়ের হলরুমে পাঠকের মুখোমুখি প্রথম আলো অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর নির্মিত ছয়টি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পিনপতন নীরবতায় দর্শকেরা এসব উপভোগ করেন। অনেককে চোখ মুছতে দেখা যায়।
অনুষ্ঠানের মাঝে মাঝে, বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। ওস্তাদ তাজুল চৌধুরী, লোকসংগীতশিল্পী বাদশা আলম ও শরিফা খাতুন, বাউলশিল্পী নিশিকান্ত রায়ের পরিবেশনা ছিল চমকপ্রদ। নির্মলেন্দু গুণের ‘হুলিয়া’ কবিতাটি আবৃত্তি করেন পি কে বিক্রম।
অনুষ্ঠানের সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক বলেন, ‘আজকের অনুষ্ঠানে আমার যে অভিজ্ঞতা হলো তা দীর্ঘদিন মনে থাকবে।’ তিনি বলেন, ‘প্রামাণ্যচিত্রগুলো আমাদের সবাইকে নাড়া দিয়েছে বললে কম বলা হয়।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি শেখ আবদুল হামিদ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজে প্রথম আলোর মতো সংবাদপত্রের প্রভাব ও গ্রহণযোগ্যতা আমাদের সে কথাই মনে করিয়ে দেয়।’
স্কুলশিক্ষক হাসিনা বেগম বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের আবার সাংস্কৃতিক আন্দোলন করতে হবে। প্রথম আলো এসব সংবাদ বেশি বেশি প্রচার করে এ আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।’
প্রতিভা ছাত্র সংঘের সাধারণ সম্পাদক হেলাল হোসেন কবির বলেন, এক দিন প্রথম আলো না পড়লে মনে হয় কী যেন হারিয়ে গেল। তিনি বলেন, ‘প্রথম অলো আমাদের অন্য রকম ভালোবাসার পত্রিকা।’
কদম চান বিদ্যাপীঠের পরিচালক পাগলা জাহাঙ্গীর বলেন, ‘আমি বৈশাখী মেলার আয়োজন করি বলে মৌলবাদীরা আমাকে হত্যার হুমকি দিয়ে প্রচারপত্র বিলি করেছে। প্রথম আলো আমার পাশে দাঁড়ানোয় আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক প্রণব কুমার বিশ্বাস, স্কুলশিক্ষক ও নাট্যকার আজিজুল হক বাবু মোল্লা, নাট্য সংগঠক মাখন লাল দাস, পত্রিকার হকার সোহেল রানা, কবি শশধর রায়, দৃষ্টিপ্রতিবন্ধী সমাজসেবক এরশাদ আলী, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষানবিশ আইনজীবী মাহফুজার রহমান, কলেজশিক্ষক আবু তালেব আজাদ, সাপ্তাহিক আলোর মণি সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ।
পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, যেন একটি বাংলাদেশ। প্রথম আলো মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা লালন করে যাচ্ছে এবং যাবে। তিনি আরও বলেন, ‘আমরা পাঠকের পছন্দ, চাহিদা, অনুভূতি ও প্রতিক্রিয়া জানতে ডোর টু ডোর কর্মসূচি শুরু করেছি। এ কর্মসূচির অংশ হিসেবে পাঠকের মুখোমুখি প্রথম আলো অনুষ্ঠান করা হলো।’
অনুষ্ঠানে প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিপণন) এ বি এম জাকারিয়া, ব্যবস্থাপক (বিপণন) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব।